সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৭:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, কসমেটিকস, চকলেট ও সিটিগোল্ড সামগ্রীসহ বিভিন্ন পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকার সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় ৩৭টি শাড়ি, একটি থ্রি-পিস, এক কেজি জিরা, দুই প্যাকেট ফুসকা, ২২ প্যাকেট পাতার বিড়ি, ৫৩টি সিটিগোল্ড আইটেম, ৪২১টি চকলেট এবং ৩০০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
পরে জব্দকৃত পণ্যসমূহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















