খাগড়াছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বিষয়ক মতবিনিময় সভা ও শোভাযাত্রা
- আপডেট: ০৭:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও গতিশীল ও নিরাপদ করতে “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পূবালী ব্যাংক পিএলসি জেলা শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মিনি সুপার মার্কেট এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার শাখা প্রধান মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্যাশলেস লেনদেন শুধু আধুনিকতার প্রতীক নয়, বরং নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত আর্থিক ব্যবস্থার অন্যতম ভিত্তি। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, সমাজকর্মী ও ঠিকাদার এস অনন্ত বিকাশ ত্রিপুরা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজাসহ পূবালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী ও গ্রাহকরা।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় ক্যাশলেস লেনদেন সাধারণ মানুষের জীবনকে সহজ, দ্রুত ও ঝুঁকিমুক্ত করছে। মোবাইল ব্যাংকিং, কার্ড ও অনলাইন লেনদেনের প্রসার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এনে দিয়েছে।
অনুষ্ঠানে ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংকের চলমান কার্যক্রমের কথাও জানানো হয়।





















