সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার: দোষীদের গ্রেফতারের দাবিতে এসপির কাছে স্মারকলিপি
- আপডেট: ০১:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো চক্রকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবিতে যশোরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে প্রেসক্লাব যশোরসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
রোববার (১৭ মে) সকালে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সাংবাদিক নেতারা উল্লেখ করেন, অর্ধশতাব্দীর ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোর জেলার সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন। জেলার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, সংকট, জনদুর্ভোগ ও জনআকাঙ্ক্ষার বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সরকার ও প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছেন।
তবে সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যশোরের পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ভিডিও ছড়ানো হচ্ছে। এমনকি এক প্রতিমন্ত্রীর নাম ও ছবিও অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
সাংবাদিক নেতারা জানান, গত ১১ মে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের যৌথ সভায় এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে জেলার প্রথম সারির কয়েকজন পেশাদার সাংবাদিককে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর ভিডিও প্রচার করা হচ্ছে। এছাড়া আরও কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট থেকেও সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।
স্মারকলিপিতে দাবি করা হয়, একটি ‘ব্ল্যাকমেইলার চক্র’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপতৎপরতা চালাচ্ছে। সাংবাদিকতার নামে অসাধু কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হয়ে চক্রটি পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও অভিযোগ করেন নেতারা। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সাংবাদিক পরিচয়ধারী কিছু টাউট-চাঁদাবাজ এবং পুলিশের কতিপয় সদস্য জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা।
স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।























