শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধগলিত বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট: ১১:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ৭

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে নিখোঁজের এক সপ্তাহ পর মো. শওকত আলী (৩৬) নামে এক বাংলাদেশি গরুর রাখালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়া গ্রামের মৃত মিজানের ছেলে।
রোববার রাত দুইটার দিকে পরিবারের পক্ষ থেকে গোপনে দাফনের সময় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ নিহতের বাড়িতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীতে স্থানীয় জেলেরা শওকত আলীর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে নদীর চরে রেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে এসে দাফনের প্রস্তুতি নিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের দাবি, গত ৯ মে অন্যদের সঙ্গে গরু আনতে ভারতের দিকে যান শওকত আলী। তার সঙ্গে থাকা অন্যরা ফিরে এলেও তিনি নিখোঁজ ছিলেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শওকত আলীকে হত্যা করে তার মরদেহ পদ্মা নদীতে ফেলে দেয়। এর আগেও সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “ময়নাতদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”





















