যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক-৩
- আপডেট: ১০:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে-২০২৬) দুপুর ও বিকেলে শার্শা এবং যশোর শহরের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ডিবির এসআই বাবলা দাসের নেতৃত্বে এএসআই মো. হাফিজুর রহমান, এএসআই নাজমুল ইসলামসহ একটি চৌকস টিম শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আমতলা গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় আরশাদ আলীর বাড়ির সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়ক থেকে মো. ইস্রাফিল হোসেন (২৪) ও মো. সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ইস্রাফিল হোসেন আমলাই গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং সাদ্দাম হোসেন বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। উভয়ের বাড়ি শার্শা থানায়।
অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ডিবির এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে এএসআই নির্মল কুৃমার ঘোষ ও এএসআই আলী মিয়াসহ একটি দল যশোর শহরের টাউন হল মাঠের মঞ্চের পেছনে ঢালাই সড়কে অভিযান চালায়। এ সময় মো. রুবেল হোসেন ওরফে সার্কিট রুবেলকে (৩৫) আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রুবেল হোসেন যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক তিন আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথাক্রমে শার্শা থানা ও কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সম্পন্ন হয়েছে।





















