চৌগাছায় র্যাবের অভিযানে ২১১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ০৫:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার চৌগাছা থানার মৃধাপাড়া এলাকা থেকে ২১১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
শুক্রবার (১৫ মে ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, সকাল ৫টা ১০ মিনিটের দিকে চৌগাছা থানার মৃধাপাড়া মহিলা কলেজ গেটের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঝিনাইদহের মহেশপুর থেকে যশোরের দিকে আসা একটি সন্দেহজনক সাদা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির পেছনের ডালার ভেতর সাদা প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ২১১ বোতল ফেন্সিডিল (Wincerex) উদ্ধার করা হয়।
এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—কাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে শ্রী চিরঞ্জিৎ (২৮) এবং মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো. বাবলুর রহমান (৪৪), উভয়ই ঝিকরগাছা থানার বাসিন্দা।
উদ্ধারকৃত মাদক ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে র্যাব জানিয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে জব্দকৃত আলামতসহ চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।





















