শার্শায় কিশোরী ধর্ষণ মামলার আসামি ১২ ঘন্টায় গ্রেফতার
- আপডেট: ০৩:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা যশোরের কেশবপুর থানার সোনিয়া বেগম (৩৮), শার্শা থানায় হাজির হয়ে আসামি শার্শা থানার ফুলসরা গ্রামের নুর ইসলামের ছেলে রাব্বি ইসলাম (২০) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২০ ও ২১ ডিসেম্বর পৃথক সময়ে শার্শা থানার স্বরূপদাহ গ্রামের একটি বসতঘরের পশ্চিম পাশের শয়নকক্ষে ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস (১৭)-কে আসামি রাব্বি ইসলাম ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানার পর বাদী বৃহস্পতিবার (১৪ মে-২০২৬) আইনি সহায়তা নিতে থানায় লিখিত এজাহার দাখিল করেন। এর ভিত্তিতে শার্শা থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের নির্দেশ দেন।
তার নির্দেশনায় শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেনের নেতৃত্বে এসআই শেখ মো. আল আমিনসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে শুক্রবার (১৫ মে-২০২৬) সকাল ৬টা ১০ মিনিটে শার্শা থানার ফুলসর গ্রাম থেকে আসামি রাব্বি ইসলামকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার ওসি মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (১৫ মে-২০২৬) আদালতে সোপর্দ করা হয়েছে।





















