ঝিনাইদহে র্যাবের অভিযানে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার
- আপডেট: ১২:৩৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে র্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য মিথাইল অ্যামফিটামিন (ক্রিস্টাল আইস) উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) দুপুরে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল দুপুর ২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন যশোর রোডে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫১০ গ্রাম মিথাইল অ্যামফিটামিন, যা ‘ক্রিস্টাল আইস’ নামে পরিচিত, উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, র্যাবের চলমান অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।


















