মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট: ১২:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদকঃ প্রত্যাশিত বাংলাদেশ গঠনে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ।” জনগণের দীর্ঘদিনের জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশার প্রতিফলন ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে জনপ্রশাসনে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠান শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























