যশোর সফরে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘোষণা করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য
- আপডেট: ০৭:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানিয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনীস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান ইরি সেচ মৌসুমে কৃষকরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে বিপিসিকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যশোর সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এর মাধ্যমে জেলার উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা উলাশী খালের পুনঃখনন প্রকল্পের উদ্বোধনও প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে। এরপর যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন, যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁরা বলছেন, দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা এই সফরের মাধ্যমে পূরণ হবে বলে তাঁরা আশা করছেন।



























