জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ
- আপডেট: ১২:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের উদ্দেশ্যে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
আজ শনিবার (২৮ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নিয়োগ প্রক্রিয়ার আওতায়, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) নিজস্ব ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
নিযুক্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করবেন এবং প্রতিদিন তাদের কার্যক্রমের প্রতিবেদন জমা দেবেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নির্দেশ দিয়েছে, দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিবেদন প্রেরণ নিশ্চিত করতে।





















