চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন
- আপডেট: ১০:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৩২

নিজস্ব প্রতিবেদকঃ গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত এমপিপ্রার্থী এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে সরওয়ার বাবলা নামে একজন নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বায়েজিদ থানার চাইলত্যাতলীতে গণসংযোগকালে এ গুলির ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান এ তথ্য জানান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গুলিতে আহত সরোয়ার মারা গেছেন।
বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এসময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি। এসময় আরও দু-তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপি নেতারা।
এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপির প্রার্থী জনসংযোগ করার সময় সেখানে শত শত লোক অংশ নেন। সরোয়ার সেখানে অংশ নিলে সন্ত্রাসী দুটি দলের মধ্যে পূর্ববিরোধের জেরে তাকে গুলি করা হয়।























