দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬০টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।
- আপডেট: ০৯:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮৩

চাপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রতিমা তৈরির কাজ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ক্ষণগণনায় ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই উৎসব। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি।
জেলায় এবার ১৬০টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। প্রতিমা ও আলোকসজ্জা ঘিরে রয়েছে ব্যস্ততা।
জেলা শহরের শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দির, হুজরাপুরের পশ্চিমাপাড়া মন্দির, গুড়িপাড়া কালিমন্দির, বড় ইন্দারার প্রতাপ চন্দ্র দাস দেবোত্তর দুর্গা মন্দির, বারোঘরিয়া বাইশপুতুল দুর্গা মন্দিরসহ বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।
চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী, পশ্চিমাপাড়া মন্দির কমিটির সভাপতি অর্জুন চৌধুরী ও গুড়িপাড়া কালিমন্দির কমিটির উপদেষ্টা অপূর্ব সরকার জানান, এখন চলছে মাটির কাজ, এরপর হবে রঙের কাজ।
প্রতিমাশিল্পী প্রদীপ পাল জানান, প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রতিমার আকার ও সাজসজ্জা অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
আরেক শিল্পী লাবু পাল জানান, ভিন্ন ভিন্ন চুক্তিতে প্রতিমা তৈরি করা হচ্ছে। এখন দম ফেলার ফুরসত নেই।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ। সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেই শারদীয় উৎসব উপভোগ করবে।”
তিনি জানান, এবারও জাকজমকপূর্ণভাবে পূজা পালন করা হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আনসার সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি করবে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দলও দায়িত্ব পালন করবে।






















