বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট: ১০:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ২৯৩

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের ওপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন এবং দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি ও শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ জুন বিকাল ৪টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদসহ অন্যান্য সাংবাদিকগণ।
জানা গেছে, গত ২১ জুন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় রেলওয়ে লেবার শ্রমিকদের ওপর হামলার খবর প্রকাশিত হওয়ার পর যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সবুর হোসেন সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীর ওপর ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।
এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা আইয়ুব হোসেন পক্ষী ২১ জুন রাতে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। সাংবাদিকদের পাশাপাশি রেলওয়ে লেবার শ্রমিকরা দাবি করেছেন, অভিযুক্ত সন্ত্রাসী সবুর হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হোক।
মানববন্ধনে শার্শা উপজেলার সর্বস্তরের সাংবাদিকগণ এবং নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিকরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে বক্তৃতা দেন দৈনিক লোকসমাজের বেনাপোল প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান এবং সময় টিভির স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ আজিজুল হক।
এছাড়া সাংবাদিকরা জানিয়েছেন, যে কোনো ধরনের হুমকি ও নির্যাতন কোনভাবেই সহ্য করা হবে না এবং তারা অবিলম্বে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
















