খুলনার তেরখাদায় নাশকতা মামলার আসামি সোহেল কারাগারে
- আপডেট: ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ১১

খুলনা ব্যুরো: খুলনার তেরখাদায় বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার অভিযোগে করা মামলায় সোহেল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর শনিবার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সোহেল শেখ উপজেলার মাটিয়াকুল এলাকার মৃত কাবুল শেখের ছেলে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাচিয়াদাহ ও পাতলা বাজার এলাকায় ত্রাস সৃষ্টি, বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সোহেল শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে অভিযান চালিয়ে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সোহেল শেখের বিরুদ্ধে অতীতের কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। কয়েকজন এলাকাবাসীর দাবি, ২০১৯ সালে তাঁর বাড়ি থেকে ১৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনি কারাগারেও ছিলেন বলে দাবি তাঁদের। তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, ৫ আগস্টের পর সোহেল শেখ বিএনপির পরিচয় ব্যবহার করে সাচিয়াদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করেন।
তাঁর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলেও সোহেল শেখ ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সরকার পতনের পর বিএনপির নেতা পরিচয়ে এলাকায় জুয়ার আসর পরিচালনা এবং বিভিন্ন সালিশ-বিচারকে কেন্দ্র করে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও করেছেন তাঁরা।











