ঝিকরগাছা মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢালীপাড়া একাদশের শিরোপা
- আপডেট: ১১:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ২

সাব্বির হোসেন: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে ঢালীপাড়া একাদশ ৩-০ গোলের ব্যবধানে মীরপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। একই অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত ফাইনাল খেলাটি দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মীর মনিরুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন মীর সাইফুল ইসলাম বুলবুল, মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, পানিসারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুর রহমান, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, মীর ফয়েজ আহম্মেদ, মাস্টার ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ঢালীপাড়া একাদশ। পুরো ম্যাচে প্রতিপক্ষের ওপর আধিপত্য বজায় রেখে তারা ৩-০ গোলের জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়। বিজয়ী দলের অধিনায়ক মনিরুল ইসলাম দুটি গোল করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে অতিথিরা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





















