যশোরে সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়
- আপডেট: ১১:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, গুজব ও যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর বলে জানান।
বুধবার (২২ জুলাই-২০২৬) বিকেল ৪টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার আগে ডিআইজি যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকারের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়েছে।

অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, আহসান হাবিবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া যশোর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।






















