ঝিকরগাছার দিগদানা গ্রামে সড়কে ধ্বস, চলাচলে দুর্ভোগ
- আপডেট: ০৭:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ৬

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের দিগদানা গ্রামের মানুষের চলাচলের একমাত্র পাকা সড়কের একটি অংশ ধ্বসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী, মোটরসাইকেল আরোহী, ভ্যান ও অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার পাশের ইঁদুরের গর্তে পানি জমে থাকায় সড়কের নিচের মাটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। একপর্যায়ে ভেতরের অংশ ফাঁকা হয়ে সড়কের মাঝখানের একটি বড় অংশ ধ্বসে পড়ে। বর্তমানে দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী নিজেদের উদ্যোগে লাল পতাকা টাঙিয়ে সতর্কতার ব্যবস্থা করলেও স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
দিগদানা এলাকার মানুষ সহ স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সড়ক ধসে যাওয়ায় বর্তমানে তাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে সেখানে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান জানান, রাস্তার বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ধ্বস আরও বিস্তৃত হয়ে এই জনপদের হাজারো মানুষের দুর্ভোগ বাড়বে।





















