বাঘারপাড়ায় ৩ হাজার ১৭০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ
- আপডেট: ০৮:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২১

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় চলতি খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
এই উপলক্ষে, মঙ্গলবার ৩০ জুন, সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩ হাজার ১৭০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (ফসফেট) সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এই সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আমন চাষে উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হাসান রুম্মন, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম তালুকদার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহ কারী কৃষি কর্মকর্তাগণসহ কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মচারী এবং উপজেলার বিভিন্ন গ্রাম পর্যায় থেকে উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।













