ঐতিহ্য আর জ্ঞানের মেলবন্ধন: বৈসুতে খাগড়াছড়িতে লাইব্রেরি উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট: ০৪:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ৩

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব বৈসু উপলক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজন। এ উপলক্ষে কামিনী পাড়ায় এমাং লাইব্রেরির উদ্বোধন, বিভিন্ন খেলাধুলা ও সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার ৫ মাইল এলাকার কামিনী পাড়ায় কামিনী পাড়া যুব কল্যাণ সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে কামিনী পাড়া এমাং লাইব্রেরি ও যুব কল্যাণ সমিতির সভাপতি দহেন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। বিশেষ অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, ইউপি সদস্য নির্মল ত্রিপুরা মন্টু-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এমাং লাইব্রেরির উদ্বোধন করা হয়, যা স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
বক্তারা বলেন, বৈসু শুধু উৎসব নয়, এটি ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে নিজেদের শেকড়ের সাথে সংযোগ স্থাপন করতে সহায়তা করে।
পুরস্কার বিতরণ শেষে পরিবেশিত হয় নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা,যা দর্শকদের মুগ্ধ করে তোলে এবং উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।























