পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়, বরং নিজেকে প্রমাণের একটি সুযোগ
- আপডেট: ০৮:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
“আজকের পঠিত বিষয়, আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের কুমারধন রোয়াজা পাড়া রাবার বাগানে য়াক বাকসা ক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় য়াক বাকসা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিতা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
সভায় বক্তারা বলেন, পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়; বরং এটি নিজের মেধা, প্রস্তুতি ও আত্মবিশ্বাস প্রমাণের একটি বড় সুযোগ। আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের শক্ত ভিত গড়ে তোলে। সততা, আত্মবিশ্বাস ও নিয়মিত অধ্যবসায় থাকলে পাহাড়ের সন্তানরাও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে।
বক্তারা আরও বলেন, ভালো ফলাফলের জন্য কেবল মুখস্থ নির্ভর পড়াশোনা নয়, বিষয়ভিত্তিক গভীর বোঝাপড়া অত্যন্ত জরুরি। লক্ষ্য স্থির রেখে সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে পড়াশোনা করলে সাফল্য অর্জন অবশ্যই সম্ভব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুজেন্দ্র-মল্লিকা মডার্ণ কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা, নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা এবং মনি ভূষণ ত্রিপুরা। তারা শিক্ষার্থীদের সাহস ও আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সভায় স্থানীয় ও প্রত্যন্ত এলাকার বিপুলসংখ্যক এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা শিক্ষার্থীদের মানসিক চাপমুক্ত থেকে নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করতে এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।























