চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- আপডেট: ১০:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১০০

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেছেন, সরকার আমাকে এই জেলায় পদায়ন করেছে, আগামীদিনে সরকার যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই আমি কাজ করব। এছাড়া জেলার নিয়মিত যেসব কর্মকাণ্ড আছে সেসব পরিচালনা করব।
আমরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করব এবং পরিবেশ রক্ষা করব, মানুষের বাসযোগ্যতা নিশ্চিতে কাজ করব। আর সামনে আমাদের জাতীয় নির্বাচন রয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা হলে সরকারের কাজকর্ম বেড়ে যাবে, নির্বাচন অগ্রাধিকার হয়ে যাবে। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবে চলব।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের পর বৃহস্পতিবার জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক তার ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি বিসিএস ২৫তম ব্যাচের একজন সদস্য, আমার মেধাক্রম ছিল চার। আমি বাঁকা পথে চলি না, সোজা পথে চলি, আমি সত্যকে পছন্দ করি। তিনি বলেন, সংবাদের প্রতি মানুষের আগ্রহ আছে, মানুষের কাছে তথ্য তুলে ধরেন সাংবাদিকরা। এ পেশাটা অনেক সম্মানের পেশা, এটা অনেক সম্মানের কাজ।
সাংবাদিকদের সাথে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, সামনে নির্বাচন আছে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করা হবে, আপনাদের সহযোগিতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের কাছে সঠিক তথ্য চাই, যাচাইকৃত তথ্য চাই। আপনারা সমাজের নানা স্তরে চলাফেরা করেন, আপনাদের জানাশোনা বেশি। ফলে আপনারা অনেক বেশি তথ্য পান, যেগুলো আমরা পাই না। এই সমস্ত সঠিক তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা উপকৃত হবো। আপনাদের এই সক্ষমতাকে আমরা জনগণের কল্যাণে কাজে লাগাতে চাই।
মোহাম্মদ সোলায়মান বলেন, আমাদের সমালোচনা করবেন, তবে সেটা যেন গঠনমূলক হয়। এমন সমালোচনা করবেন, যাতে আমরা শুধরাতে পারি। আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলবেন বা নিউজ করবেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন। কারণ, এটা তার অধিকার। আমরা আপনাদের কাছ থেকে সমৃদ্ধ সাংবাদিকতা চাই। তিনি বলেন, আমি বলব সমালোচনা একটা শিল্প। এই বিষয়ে বিদেশে লেখাপড়ার উল্লেখ করে তিনি বলেন, ক্লাসে শিখেছি, একটা লোকের ব্যক্তিগত সম্মানহানি না করে তার কাজের কীভাবে সমালোচনা করা যায়, তার কাজের ভুল-অসংগতিগুলো দেখিয়ে দেয়া যায়। আমরা এরকম সমৃদ্ধ সাংবাদিকতা চাই।
মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, আন্তঃনগর ট্রেনসহ ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আমসহ সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার জন্য নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।






















