গোগা সীমান্তে বিজিবি’র অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল জব্দ
- আপডেট: ০২:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৭৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে চালানো অভিযানে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ গোগা বিওপি’র সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির নিয়মিত আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবারে গোগা সীমান্তের একটি নির্দিষ্ট পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি প্যাকেট উদ্ধার করা হয়, যাতে মোট ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোনো মালিক পাওয়া যায়নি।
অধিনায়ক আরও জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে এবং দেশের যুব সমাজকে রক্ষা করতে বিজিবি বদ্ধপরিকর।
জব্দকৃত ফেন্সিডিল ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে বলে নিশ্চিত করেছে বিজিবি।




















