যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেন ছিনতাইয়ের চেষ্টায় নারী আটক
- আপডেট: ০৮:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ১৬৬

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বর্ণের চেন ছিনতাইয়ের সময় নাসিমা (৪৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আটক নাসিমা সদর উপজেলার আরবপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ছাতেন গ্রামের বাসিন্দা শেফালী বেগম (৩০) চিকিৎসার জন্য স্বামী সালাউদ্দিনকে নিয়ে যশোর আসেন। দুপুরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় নাসিমা তার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত রোগী ও স্বজনরা নাসিমাকে ধরে ফেলেন এবং ঘটনাটি হাসপাতাল পুলিশ ফাঁড়িকে জানান।
খবর পেয়ে হাসপাতাল পুলিশ গার্ড সোহেল রানা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাসিমাকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি জানান, আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ঘটনায় হাসপাতাল এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






















