জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা পুলিশ যশোরের পুষ্পস্তবক অর্পণ ও বিজয় মিছিল
- আপডেট: ০৩:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১০৭

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আজ ৫ আগস্ট (মঙ্গলবার) যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ স্মরণ ও বিজয়ের দিবস। এ উপলক্ষে যশোর শহরের গরীবশাহ মাজার মোড়ে নবনির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রওনক জাহান।
পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বর্ণাঢ্য বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি শহীদ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, ঈদগাহ মোড় হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
বিজয় মিছিলে জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল শোক, শ্রদ্ধা আর বিজয়ের এক গভীর আবেগময় পরিবেশ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্ব হিসেবে বিবেচিত, যা ছাত্র-জনতার ত্যাগ ও আত্মদানের অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।





















