আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র হাতে বিদেশী মদসহ প্রায় ৮ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক
- আপডেট: ০৭:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১৪৯

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ জুলাই-২০২৫) ৪৯ বিজিবির আওতাধীন বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশী মদ, ভারতীয় শাড়ি, থ্রী-পিস, টু-পিস, চকলেট, সিটি গোল্ড আইটেম, বিভিন্ন ধরনের ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক সাত লাখ চুয়াত্তর হাজার চারশত টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ ধরনের সাফল্য এসেছে।”
তিনি আরও বলেন, “বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”






















