চৌগাছা ও বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৫:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিচালিত এসব অভিযানে ১১২ বোতল নেশাজাতীয় কাশির সিরাপসহ বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়নের আওতাধীন চৌগাছা থানার পাঁচপীরতলা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১১২ বোতল WINCEREX COUGH SYRUP (নেশাজাতীয়) জব্দ করা হয়।
একই দিন বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযানে ৩২টি শাড়ি, ২ কেজি ফুচকা, ১০টি চকলেট এবং ৫৮টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
জব্দ করা নেশাজাতীয় সিরাপের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার করা সিরাপ মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় জমা দেওয়া হয়েছে।
এছাড়া আটক করা চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















