সাংবিধানিক সংস্কার: বিএনপিসহ ৩০ দলের সঙ্গে আবার বসছে ঐকমত্য কমিশন
- আপডেট: ০৮:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১০৮

নিজস্ব প্রতিবেদকঃ সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য এবং আগের অসমাপ্ত আলোচনা শেষ করতে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। তিন দিনের এই সূচিতে বিএনপিসহ ৩০ দলের সঙ্গে বৈঠক হবে কমিশনের।
আজ রোববার (১৫ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জুন সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত।
বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।
সর্বশেষ গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক হয়। কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন।



























