যশোরে বিজিবির অভিযানে ৫৩৫ গ্রাম স্বর্ণের বারসহ শার্শার যুবক আটক
- আপডেট: ০৭:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ ৬২ হাজার টাকার স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই-২০২৬) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তি মো. তৌফিকুর রহমান (৩৯)। তিনি যশোরের শার্শা থানার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বিজিবি জানায়, তৌফিকুর রহমানের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো বহন করছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা স্বর্ণের মূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। এছাড়া উদ্ধার হওয়া মোবাইল ফোনের মূল্য ৩৯ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৩৭০ টাকাসহ জব্দ করা আলামতের মোট মূল্য ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে।
পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে স্বর্ণসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





















