সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ট্যাবলেট ও ভারতীয় সিরাপ আটক
- আপডেট: ০১:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট এবং ২২০ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গত ১১ মে শার্শা সীমান্তের কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৯ হাজার ৭০০ টাকা। পরে জব্দকৃত ট্যাবলেট মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ১২ মে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ আটক করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক মূল্য ৮৮ হাজার টাকা। পরে এসব সিরাপ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
২১ বিজিবির অধিনায়ক মো. নাফিজ ইমতিয়াজ জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















