যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট: ১০:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) দুপুরে যশোর শহরের টিচার্স ট্রেনিং কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি যশোর সূত্রে জানা যায়, এসআই মোঃ সামিউল ইসলাম অফিসার ও ফোর্সসহ নিউমার্কেট বেলতলা মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শহরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর বেলা আনুমানিক ১টা ১৫ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হয় মোঃ রাসেল হোসেন (৩৭) হিসেবে। জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি স্বীকার করেন এবং নিজ প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস ইয়াবা বের করে দেন বলে পুলিশ জানায়।
আটক রাসেল হোসেনের বাড়ি যশোর শহরের কিসমত নওয়াপাড়া এলাকার জেল রোড বেলতলা এলাকায়। তিনি স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
এ ঘটনায় উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবাসহ আটক আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালী মডেল থানার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।





















