শার্শায় পুলিশের অভিযানে মাদক উদ্ধার, কারবারি পলাতক
- আপডেট: ১০:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় একটি বাটন ফোনও জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে ২০২৬) দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে শার্শা থানার এসআই মো. মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম বাগআঁচড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাড়ীপুকুর গ্রামের একটি মাছের ঘের সংলগ্ন টিনের টং ঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে পলাতক আসামি মো. জাহাঙ্গীর হোসেন (৪০) রেখে যাওয়া একটি ব্যাগ থেকে জব্দ তালিকা অনুযায়ী ৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন ফোনও জব্দ করা হয়।
পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন রাড়ীপুকুর (বটতলা পাড়া) এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. রবিউল ইসলাম।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















