মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে
- আপডেট: ০৪:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৯৩

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত আপিলের শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকাল ৫টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) শুনানির প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনের শুনানিতে ৫২টি আপিল মঞ্জুর এবং ১৫টি নামঞ্জুর করা হয়েছে। এছাড়া তথ্যগত অসংগতির কারণে ৩টি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে।
মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজন প্রার্থীর প্রার্থিতা আপিল শুনানিতে বাতিল হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
সূচি অনুযায়ী:
সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানান, আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে, রায়ের পিডিএফ কপি এবং আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে পাঠানো হবে। এছাড়া এটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও প্রকাশিত হবে।
শুনানির রায়ের অনুলিপি ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।























