যশোরে বিচারকের ভ্রমণ কাণ্ডে, সুপ্রিম কোর্টে অভিযোগ আইনজীবীর
- আপডেট: ১০:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ২২৭

নিজস্ব প্রতিবেদক : যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিচারকের বিরুদ্ধে। এ ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস।
সোমবার (১৮ আগস্ট) ডাকযোগে পাঠানো অভিযোগপত্রে তিনি অন্য এক বিচারকের দায়িত্ব পালনে গাফিলতির কথাও উল্লেখ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট দেবাশীষ নিজেই।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ১৫ আগস্ট (শুক্রবার) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩০ জন আসামিকে হাজতখানায় আনা হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন শতাধিক লোক। কিন্তু দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে না থেকে ঝিকরগাছার গদখালীর ফুলবাগানে ভ্রমণে যান। এতে আসামি ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানাও দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না।
অ্যাডভোকেট দেবাশীষ দাস বলেন, “কিছুদিন আগে যশোর জজ আদালতের হাজতখানা থেকে এক আসামি পালিয়ে যায়। সম্প্রতি জেলায় হত্যাসহ নানা অপরাধও বেড়েছে। এ অবস্থায় রাতে হাজতখানায় আসামিদের রাখা নিরাপত্তার জন্য হুমকি।”
তিনি অভিযোগপত্রে বিচারকের দায়িত্বহীনতার কারণে আসামি ও তাদের স্বজনদের ভোগান্তির কথাও তুলে ধরেন। পাশাপাশি আদালতে নিরাপত্তা জোরদার ও সার্বিক বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



















