জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি : প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে শেখ হাসিনার ‘পলায়ন ক্ষণ’ উদযাপন
- আপডেট: ০৬:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১০৮

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলায়ন ক্ষণ’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টা ২৫ মিনিটে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ ওড়ানোর মাধ্যমে এ উদযাপন করা হয়।
এ সময় ‘পালায়ছে রে, পালায়ছে, খুনি হাসিনা পালায়ছে’, ‘এ মাত্র খবর এল, খুনি হাসিনা পালিয়ে গেল’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিভিন্ন জায়গা থেকে সেখানে জমায়েত হওয়া মানুষ।
এরপর বিভিন্ন ব্যান্ডের গান পরিবেশ শুরু হয়। গানে গানে জুলাই উদযাপন চলছে। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এদিন দুপুর সোয়া ১২টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ জুলাই উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা দেখা যায়। এছাড়া অনেকে মাথায় জাতীয় পতাকা বেঁধে এই উদযাপনে অংশ নিয়েছেন। অনুষ্ঠান শুরুর আগে দেখা যায়, অনেকে নানা স্লোগান দিচ্ছেন।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষ ড্রোন ড্রামা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে আর্টসেলের গান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করবেন।
























