আজকের ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছে জামায়াত
- আপডেট: ০২:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ১১৮

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর প্রথম দিনের বৈঠকে জামায়াতে ইসলামী অংশ না নিলেও বুধবার অংশ নিয়েছেন দলটির প্রতিনিধি।
বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়েছে।
এদিন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আজাদ বৈঠকে অংশ নিয়েছেন।
গতকালের বৈঠকে কেন অংশ নেননি জানতে চাইলে রফিকুল ইসলাম খান বলেন, “কারণটা পরে বলব, এখন নয়।”
আজকের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে, আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন। আগামীকাল ১৯ জুনও আলোচনা চলবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
এদিকে, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ অন্য রাজনৈতিক দলগুলো আজকের বৈঠকে অংশ নিয়েছে।
এর আগে, মঙ্গলবার কমিশনের বৈঠকে জামায়াতের কোনো প্রতিনিধি না থাকায় বিষয়টি আলোচনার জন্ম দেয়। অনেকে বলেন, কমিশনের বেশ কয়েকটি বিষয়ে জামায়াতের বনিবনা না হওয়ায় মঙ্গলবারের আলোচনায় তারা যোগ দেননি।




























