বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
- আপডেট: ০৮:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান বুধবার বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।
বুধবার দুপুর ১২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নান বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে আসেন।
পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেনাপোল স্থলবন্দরের সার্বিক কর্মকাণ্ড, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার এবং যাত্রীসেবা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ রুহুল আমিন, ইমিগ্রেশন, পুলিশ, বিজিবি, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেনসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বেনাপোল স্থলবন্দর ত্যাগ করেন।











