যশোর কালেক্টরেট স্কুলে র্যাবের মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি
- আপডেট: ০৯:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই-২০২৬) র্যাব-৬-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক, এর সামাজিক ও পারিবারিক প্রভাব, মাদক থেকে দূরে থাকার উপায় এবং তরুণ সমাজকে সচেতন করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলের রাব্বি প্রিন্স।
তিনি বলেন, মাদক একজন মানুষকে শুধু শারীরিকভাবেই নয়, মানসিক, পারিবারিক ও সামাজিকভাবেও ধ্বংস করে দেয়। মাদকের কারণে একজন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তাই শিক্ষাজীবন থেকেই মাদক সম্পর্কে সচেতন হওয়া এবং সব ধরনের মাদক থেকে নিজেকে দূরে রাখা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, মাদকাসক্তি থেকে ফিরে আসা সম্ভব। তবে এর জন্য ব্যক্তিগত দৃঢ় সংকল্প, পারিবারিক সহযোগিতা এবং সামাজিক সচেতনতা অপরিহার্য। পাশাপাশি তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা মাদক ব্যবসা প্রতিরোধ, মাদকাসক্তদের পুনর্বাসন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং তরুণদের নিরাপদ রাখার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। এছাড়া যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পাশের টাউন হল মাঠে কিছু কিশোর-তরুণের মাদক সেবনের অভিযোগ তুলে এ বিষয়ে করণীয় সম্পর্কেও জানতে চান তারা।
শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের বিস্তারিত ও বাস্তবসম্মত উত্তর দেন মেজর ফজলের রাব্বি। তিনি বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে এবং মাদক প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) তাওমীদ হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক থেকে দূরে থেকে লেখাপড়া, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীরা মনোযোগসহকারে আলোচনা শোনেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিমত জানান উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।





















