শার্শায় ২ হাজার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ উদ্বোধন
- আপডেট: ০৭:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই-২০২৬) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের শাকসবজির উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উন্নত জাতের উফশী ও হাইব্রিড সবজির বীজ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, শশা, করলা ও বরবটির বীজ। পাশাপাশি কৃষকদের নির্ধারিত পরিমাণ রাসায়নিক সারও প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, দেশের পুষ্টির চাহিদা পূরণ এবং কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার গ্রীষ্মকালীন সবজি চাষে কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে উৎসাহিত করছে। এ সহায়তার ফলে কৃষকদের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাখির উদ্দিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















