বাগেরহাটে র্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৩:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২১

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট সদর উপজেলায় পৃথক অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি।
র্যাব জানায়, রবিবার (১২ জুলাই-২০২৬) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট পৌরসভার দশানী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় ১১ কেজি গাঁজাসহ মিঠু মণ্ডল (২১) ও ইয়াসিন ফকির (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিঠু মণ্ডলের বাড়ি মংলা থানার খরখরিয়া গ্রামে এবং ইয়াসিন ফকিরের বাড়ি মোড়েলগঞ্জ থানায় ফুলহাতা এলাকায়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় মিঠু মণ্ডলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ নিয়ে দুই অভিযানে মোট ৩৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত দুইজনকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সংস্থাটির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।






















