মাদক ব্যবসায়ীর কুঁড়েঘরে রয়েছে এসি, নিরাপত্তায় আছে সিসি ক্যামেরা
- আপডেট: ০৪:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৩

টি হোসেন পাটোয়ারী, নোয়াখালী থেকে :
নোয়াখালীর চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের ভীমপুর গ্রামে সরকারি খাস জায়গায় গড়ে ওঠা একটি কুঁড়েঘরে এসি ও সিসিটিভি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ওই আস্তানার মূলহোতা ববিতা আক্তার সুমাইয়া (৩৫) দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানা যায়।
অভিযোগ রয়েছে, একাধিকবার ইয়াবাসহ আটক হওয়ার পরও জামিনে বেরিয়ে এসে তিনি আবারও একই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি, এই মাদক ব্যবসার কারণে স্থানীয় তরুণ ও ছাত্রসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, মাদক ব্যবসার পেছনে শক্তিশালী গডফাদারদের সহায়তা থাকতে পারে এবং তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, ববিতার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং অতীতে তাকে কয়েকবার আটক করা হয়েছে। তবে তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও স্থায়ী আস্তানা সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
এলাকাবাসী দ্রুত ওই আস্তানা উচ্ছেদ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





















