চতিয়া গ্রামে ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞে ভক্তদের ঢল
- আপডেট: ০৮:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / ৫

স্টাফ রিপোর্টার, বাবু বিশ্বজিৎ বসু:
মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের চতিয়া গ্রামে অনুষ্ঠিত হলো ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক পরিবেশ এবং হরিনামের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে দিন-রাতব্যাপী হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ভক্তদের মতে, এমন আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, শান্তি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় আয়োজক কমিটির সদস্যরা জানান, গ্রামের ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা আরও বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা বলেন, বর্তমান সমাজে হিংসা-বিদ্বেষ ও অশান্তির মাঝে ধর্মীয় অনুষ্ঠান মানুষকে মানসিক প্রশান্তি দেয় এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। হরিনামের ধ্বনিতে পুরো এলাকায় সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ।
এদিকে ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ উপলক্ষে স্থানীয় বাজার ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহে আয়োজিত এ মহা নামযজ্ঞ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সকল ভক্ত, অতিথি ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





















