বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য উদ্ধার
- আপডেট: ১২:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৭৪

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল স্থলবন্দরে ফেলে পালিয়ে যাওয়া এক ভারতীয় চালকের ট্রাক আড়াই মাস পর তল্লাশি করে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের মেডিসিন, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও বাজি (পটকা)। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে দীর্ঘদিন ধরে সিলগালা অবস্থায় থাকা ট্রাকটির সিল ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কাস্টমস সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে একটি ভারতীয় ট্রাক থামানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় চালক বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে ট্রাকটি (নম্বর HR-3811248) রেখে কৌশলে পালিয়ে যায়। এরপর থেকে ট্রাকটি কাস্টমসের হেফাজতে সিলগালা অবস্থায় ছিল।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক তল্লাশিতে ট্রাকের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও বাজি পাওয়া গেছে। পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণে বিস্তারিত তালিকা প্রস্তুতের কাজ চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বৈধ পথে অবৈধ এসব পণ্যের চালান ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করলেও কাস্টমস কর্তৃপক্ষ এখনো জড়িতদের নাম প্রকাশ করেনি।
তবে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, পণ্য চালানটির আমদানিকারক হিসেবে ‘রাইসা ট্রেডিং ইন্টারন্যাশনাল’-এর নাম পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাটি বেনাপোল বন্দরে চোরাচালান ও অবৈধ আমদানি রোধে নজরদারি আরও জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টি নতুন করে সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















