দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন: আবুল হাসান জহির
- আপডেট: ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৯২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, বিএনপি ও তার ব্যক্তিগত নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদেরকে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
সোমবার (২০ অক্টোবর-২০২৫) দুপুরে নাভারণে আবুল হাসান জহিরের ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আবুল হাসান জহির বলেন, “শার্শা আসনে তিন যুগেরও বেশি সময় ধরে আমি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছি। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছি। আমার বিরুদ্ধে ৪৬টি মামলার আসামী হিসেবে নাম রয়েছে; অনেকবার মার খেয়েছি, জেলও খেটেছি।” তিনি আরও বলেন, “নতুন করে আমার কাছে খবর আসছে কোথাও কোথাও আমার ও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজির সাথে যারা জড়িত তাদের ধরে রেখে আমাকে খবর দিন — আমি পুলিশ দিয়ে তাদের আটক করার ব্যবস্থা করব। বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।”
তিনি স্পষ্ট করে বলেন, যদি কেউ ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশ অমান্য করে অপকর্মে লিপ্ত থাকে, তাহলে সেই দায় দল বা তিনি ব্যক্তিগতভাবে নেবেন না। “আমি দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব এবং তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে,
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী শাহিন, যুগ্ম সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াছি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।






















