নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
- আপডেট: ০৬:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৬৫

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি দুর্নীতির বিষয়ে সচেতন না হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ কঠিন হয়ে পড়ে।’
মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক)।
ড. মোমেন বলেন, ‘রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন দেওয়া বন্ধ করলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। নেতৃত্বে সৎ মানুষ দরকার, যাদের মধ্যে দৃশ্যমান সততা থাকবে। আমরা চাই, আগামী নির্বাচনে এমন প্রার্থী আসুক যারা স্বচ্ছ ও সৎ।’
তিনি আরও বলেন, মনোনয়ন বাণিজ্য ও স্বচ্ছতার অভাব দুর্নীতিকে উৎসাহ দেয়। মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দুর্নীতির প্রসার রোধ করা সম্ভব হবে।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অন্য অভিযুক্তদের মতো আইনের মুখোমুখি হতে হবে। আদালত যদি প্রক্রিয়াগুলো সহজ করে, তাহলে বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব।’
তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। তিনি আশাবাদী, দ্রুতই তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে।
দুদক মামলার গতি প্রসঙ্গে এক প্রশ্নে ড. মোমেন স্বীকার করেন, ক্ষমতার বলয়ে অনেক সময় অনুসন্ধান ও তদন্তের গতি বাড়ে বা কমে—এটা সত্যি। তবে এখন আমাদের ওপর কোনো চাপ নেই।
পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল হলেও, ব্রিটেনসহ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা আমাদের সহায়তা করছে। আশা করি কিছু অর্থ ফেরত আনতে পারব।’
দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন দুদক মহাপরিচালক (প্রশাসন) আবু হেনা মোস্তফা জামান, র্যাক সভাপতি আলাউদ্দিন আরিফ, এবং দুদকের বিশেষ তদন্ত, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি বিভাগের মহাপরিচালকরা। কর্মশালায় তারা দুদক আইন, বিধিমালা ও মামলা প্রক্রিয়ার নানা দিক তুলে ধরেন।



















