যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৮:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৬৭

নিজস্ব প্রতিবেদক : যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল আন্দুলিয়া, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ি, মোবাইল ফোন, নগদ টাকা, ঔষধ, কীটনাশক ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে চার লাখ পঁয়ত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় তা ধ্বংস করা হবে। অন্যদিকে, চোরাচালানী পণ্য যথাযথ কাগজপত্রের মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।




















