বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে বিজিবি’র কড়া অভিযান: মাদকসহ ২১ লক্ষাধিক টাকার মালামাল জব্দ
- আপডেট: ১২:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১৬০

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তের বেনাপোল ও চৌগাছা অংশে আবারও বড় সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একাধিক টহলদল বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, থ্রী-পিস, কম্বল, ব্লেন্ডার এবং কসমেটিকস সামগ্রীসহ চোরাচালানী পণ্য জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল বিওপি, আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য একুশ লক্ষ আটাশ হাজার ছয়শত টাকা বলে জানা গেছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “মাদকদ্রব্য ও চোরাচালান দমনে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে বিভিন্ন চক্রকে ধরতে সক্ষম হচ্ছি আমরা।”
তিনি আরও বলেন, “আটককৃত মাদক ও চোরাচালানি পণ্য দ্রুত কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে।”

















