টানা একদিনের বৃষ্টিতে শালিখার বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে
- আপডেট: ১১:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৮

স্টাফ রিপোর্টার: বাবু বিশ্বজিৎ বসু।।
মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় টানা একদিনের ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের বসতবাড়ি, গ্রামীণ সড়ক এবং আঙিনা পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা ও কিছু খাল-নালার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। অনেকের চলাচল ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষকে নানাভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে কৃষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। দীর্ঘ সময় পানি জমে থাকলে আমন ধানের বীজতলা ও অন্যান্য মৌসুমি ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।
স্থানীয় সচেতন মহল দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা পরিষ্কার এবং প্রয়োজনীয় সংস্কার কাজের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগ অনেকাংশে কমে আসবে এবং জনজীবন স্বাভাবিক হবে।






















