খুলনায় র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
- আপডেট: ০৯:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।
শুক্রবার (১০ জুলাই-২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর একটি আভিযানিক দল হরিণটানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া থানার মাদারশি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকার মৃত আমির খানের ছেলে মো. ইমরান খান (৩৭)।
র্যাব জানায়, অভিযান চলাকালে ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভান্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে লবণচরা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।






















