নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের পাত্র সেজে মেয়ে দেখতে গিয়ে আটক হওয়া আমির হামজা নামের এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পরানদহা গ্রামে এক তরুণীকে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় ও আচরণে মেয়ের পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে স্থানীয় লোকজন তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ সময় তার কাছ থেকে ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্রসহ মুঠোফোন জব্দ করা হয়। জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা উল্লেখ থাকলেও সেনাবাহিনীর পরিচয়পত্রে নাম ব্যবহার করা হয়েছিল মিনাজ উদ্দীন।
কারাগারে পাঠানো আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতের মুহুরি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.